বরগুনায় গৃহবধূকে শ্লীলতাহানির দায়ে যুবকের কারাদণ্ড
অক্টোবর ২৬ ২০২৩, ১২:০৬
বরগুনার তালতলীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির দায়ে জাকির হোসেন (৪০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন সকিনা এলাকার আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে তালতীল উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূর শ্লীলতাহানি করেন জাকির হোসেন। এ সময় ওই গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে জাকিরকে আটক করে। পরে পুলিশ সোপর্দ করা হয়। পুলিশ জাকিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
এ বিষয়ে তালতীল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘আসামি নিজের দোষ স্বীকার করেছেন। তাছাড়া স্থানীয়ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাই তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।’









































