ঝালকাঠিতে উদ্বোধনের আগেই ঘাটলায় ফাটল
মার্চ ০৪ ২০২৬, ২১:৪৬
পৌরসভা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এম এস মাহামুদুল ইসলাম নান্টু’ ঘাটলাটির নির্মাণকাজ সম্পন্ন করেছে। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই মাঝখানের অংশে দৃশ্যমান ফাটল ধরায় এর স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই উদ্বোধনের আগেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রলারচালক ও যাত্রী জানান, কাজের মান ঠিক থাকলে এত দ্রুত ফাটল ধরার কথা নয়। নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তদারকিতে গাফিলতি ছিল বলেও তাঁরা দাবি করেন। স্থানীয় যুবকদের আশঙ্কা, দ্রুত সংস্কার না করলে এই ঘাটটি ছয় মাসও টিকবে না। তাঁরা অবিলম্বে ত্রুটি নিরসন করে ঝুঁকিমুক্ত অবস্থায় ঘাটটি চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজের মান যাচাই করা হবে। কাজ সন্তোষজনক না হলে এবং কোনো ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা পুনরায় সংস্কারের নির্দেশ দেওয়া হবে। মান নিশ্চিত হওয়ার পরেই কেবল কাজ বুঝে নেওয়া হবে বলে জানিয়েছে পৌর প্রশাসন।
উল্লেখ্য, ঝালকাঠি–নলছিটি নৌ-যোগাযোগে পুরাতন কলেজ খেয়াঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিজীবী সুগন্ধা নদী পার হয়ে এই ঘাট ব্যবহার করেন। জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।









































