৩২ বন্ধুর হাত ধরে শুরু, চার বছরে ৪০০ মানুষের স্বাবলম্বী

অক্টোবর ৩১ ২০২৬, ১৬:২২

বরিশাল ॥ মাত্র ৩২ জন বন্ধুর হাত ধরে শুরু হয়েছিল মানবিক সংগঠন ‘৮৪ ইভেন্ট গ্রুপের’ পথচলা। ছোট্ট পরিসরে শুরু হওয়া সেই উদ্যোগ আজ ৪২ সদস্যের একটি মানবিক পরিবার। চার বছরের ব্যবধানে সংগঠনটি প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪০০ অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থান ও পুনর্বাসনে সহায়তা করেছে। সংগঠনটির এমন উদ্যোগে বদলে যাচ্ছে অনেক অসহায় মানুষের জীবনযাত্রা, তৈরি হচ্ছে স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন।

২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা এবং শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়েছে এসব কার্যক্রম। অসহায় মানুষের হাতে রিকশা, সেলাই মেশিন, ছাগল ও দোকানের মালামাল তুলে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। উদ্দেশ্য একটাই—সাময়িক সাহায্যের পরিবর্তে কাজের সুযোগ তৈরি করে মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর পথ দেখানো।

পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণেও কাজ করছে সংগঠনটি। বিভিন্ন সময়ে দরিদ্র পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ, পবিত্র রমজানে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা এবং বিশুদ্ধ পানির সংকট নিরসনে টিউবওয়েল স্থাপনসহ নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে তারা।

সংগঠনটির আহ্বায়ক ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ জানান, বর্তমানে দেশের ১০টি উপজেলায় বিস্তৃত হয়েছে ৮৪ ইভেন্ট গ্রুপের মানবিক কার্যক্রম। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিনিয়ত বাড়ছে উদ্যোগের পরিধি। ভবিষ্যতেও আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হলো—কেউ যেন অসহায়ত্বের কারণে অন্যের কাছে হাত পাততে বাধ্য না হন। কর্মসংস্থান ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে প্রত্যেক অসহায় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলাই তাদের প্রধান প্রত্যয়।

‘একটি ছোট্ট শুরু, এক বড় স্বপ্নের গল্প’—এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ৮৪ ইভেন্ট গ্রুপ। সংগঠনটির সদস্যরা মনে করেন, সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে আরও অনেক অসহায় পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

৩২ বন্ধুর ছোট্ট উদ্যোগ থেকে ৪২ সদস্যের মানবিক পরিবারে পরিণত হওয়া এই সংগঠনের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে এমন একটি স্বনির্ভর সমাজ, যেখানে অসহায়ত্ব নয়, মানুষের পরিচয় হবে আত্মমর্যাদা ও স্বাবলম্বিতা।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া