কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
অক্টোবর ২৬ ২০২৬, ১৮:৩২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের অন্য সদস্যদের অজান্তে নিজের সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান নুর ইসলাম। সেচের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি।
রাত বাড়ার পরও নুর ইসলাম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) নিজেদের সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। তাঁরা সেখানে পৌঁছে প্রথমে পানিতে খোঁজাখুঁজি করেন। এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীর তাঁদের পায়ে লাগলে ভয়ে তাঁরা পানি থেকে উঠে আসেন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ সেখানে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান মাছের ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’









































