স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন শিক্ষক স্বামী

নভেম্বর ২৫ ২০২৬, ২২:১৬

স্ত্রীর দেওয়া কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সহকারী শিক্ষক সুদাম পাল। তাঁর স্ত্রী ও কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল নিজের একটি কিডনি দান করেছেন। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল। তিনি জানান, ২৪ নভেম্বর ভারতীয় সময় সকাল ১০টায় দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা অস্ত্রোপচার শেষে ওই দিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেন।

স্বামীর জীবন রক্ষায় স্ত্রীর এমন সিদ্ধান্তে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ায় দুই পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জন্য স্ত্রীর এই আত্মত্যাগ ও ভালোবাসা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

জানা গেছে, মন্দিরা রানী পাল উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁর স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন সুদাম পাল। স্বামীকে সুস্থ করে তুলতে শেষ পর্যন্ত নিজের একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন মন্দিরা রানী।

সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির স্বাভাবিক জীবনে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা নেমে আসে।

দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’

মন্দিরা রানী আরও জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়। হাসপাতালের ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলে।

সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া