বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট‍॥ ঝুঁকিতে যাত্রীরা

নভেম্বর ২৪ ২০২৬, ২২:২২

জিহাদ হোসেন : বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে নীল রঙের গ্যাসচালিত থ্রি হুইলার। এসব গাড়ির অনেকগুলোরই নেই দৃশ্যমান ফিটনেসের ছাপ, হালনাগাদ কাগজপত্র, পর্যাপ্ত লাইট ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা। অধিকাংশ গাড়ির বডি ভাঙাচোরা, কোথাও কোথাও মরিচা ধরে ক্ষয়ে গেছে বিভিন্ন অংশ। আবার অনেক গাড়ির ব্রেকিং ব্যবস্থায় ত্রুটি, ইঞ্জিনের বিকট শব্দ এবং যান্ত্রিক দুর্বলতা থাকলেও ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অভিযোগ উঠেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, এসব গাড়ির অনেকগুলোরই ফিটনেস ও কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে। কোনো কোনো গাড়িতে প্রয়োজনীয় লাইট ও ইন্ডিকেটরও ঠিকমতো কাজ করে না। অথচ প্রতিদিন এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রী নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের মহাসড়কে চলাচল করছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।

গত মাসেও নগরীর হাসপাতাল রোড এলাকায় চলন্ত অবস্থায় একটি নীল রঙের গ্যাসচালিত থ্রি হুইলার সিএনজির ব্যাটারির তারে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এবং এইসব গাড়িগুলোর বেশির ভাগই নেই হেডলাইট সিঙ্গেল লাইট এবং রাতের বেলায় চলাচলের জন্য নেই উপযোগি লাইটিং ব্যবস্থা। এবং ব্রেকিং সিস্টেম ভালো না থাকার কারণে বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় এসব যানবাহনের যান্ত্রিক ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয় যুবক সাগর বলেন, বরিশাল নগরীতে চলাচলকারী নীল রঙের গ্যাসচালিত থ্রি হুইলার গুলোর অনেকগুলোর অবস্থাই ভালো নয়। অধিকাংশ গাড়ির বডি ভাঙাচোরা এবং বিভিন্ন অংশে মরিচা ধরে গেছে। অনেক গাড়িতে প্রয়োজনীয় লাইট ও ইন্ডিকেটর নেই। গাড়িগুলোর ইঞ্জিন থেকেও অতিরিক্ত শব্দ হচ্ছে। এসব গাড়ি নিয়ে প্রতিদিন ধারণ ক্ষমতার থেকেও বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই এসব যানবাহন পরীক্ষা করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ইসমাইল নামে আরেক যুবক বলেন, এসব গাড়ির ব্রেকিং ব্যবস্থা নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। অনেক গাড়ির সামনের চাকায় কার্যকর ব্রেকের ব্যবস্থা নেই বলে তিনি দাবি করেন। পেছনের দুই চাকায় ব্রেক থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে জরুরি মুহূর্তে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় ড্রাইভিং লাইসেন্সবিহীন বেশ কিছু যুবক, এসব গাড়ি নিয়ে নগরী দাপিয়ে বেড়াচ্ছে। তার মতে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গাড়ির ব্রেক, ইঞ্জিন, লাইট ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা জরুরি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মার্চে প্রকাশিত একটি সংবাদে বরিশাল মহানগরীতে বিআরটিএ অনুমোদিত ২ হাজার ৫০০টি সিএনজি ও গ্যাসচালিত অটোরিকশার তথ্য উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমানে নগরীতে নীল রঙের গ্যাসচালিত থ্রি হুইলার ঠিক কতটি চলাচল করছে এবং এর মধ্যে কতটির ফিটনেস বা কাগজপত্রের মেয়াদ নেই, তার হালনাগাদ নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।

অন্যদিকে ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বরিশাল মহানগরীতে ৪০ হাজারের বেশি অবৈধ ছোট যানবাহন চলাচলের কথা জানিয়েছেন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা। তবে এই সংখ্যা বিভিন্ন ধরনের ছোট যানবাহন মিলিয়ে, শুধু নীল রঙের সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা নয়।

এ অবস্থায় নগরবাসীর প্রশ্ন , ফিটনেসবিহীন ও যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ গাড়িগুলো কীভাবে নিয়মিত যাত্রী পরিবহন করছে। মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) সুশান্ত সরকার, পিপিএম (অতিরিক্ত দায়িত্বে) জানান, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ সোচ্চার রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নেই বা ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি প্রয়োজন অনুযায়ী গাড়ি আটকও করা হচ্ছে। এ বিষয়ে আজও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচলকারী ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া