এক লাখ টন পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ছে টিসিবি
নভেম্বর ২৩ ২০২৬, ১২:৪৪
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত বাড়ানো, সরবরাহ ব্যবস্থাপনা জোরদার এবং ভোক্তাদের কাছে নিয়মিত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুদামজাতকরণ সক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব গুদামে পণ্য সংরক্ষণের সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’
বর্তমানে টিসিবির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে মোট পণ্য সংরক্ষণের সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেটিক টনে পৌঁছাবে বলে আশা করছে সংস্থাটি।
এর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে টিসিবির নিজস্ব গুদামগুলোর সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে আগামী বছর প্রয়োজনীয় কার্যক্রম শুরুর কথা রয়েছে।
ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।’
গুদামের সংখ্যা ও ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপৎকালীন মজুত বা বাফার স্টক সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ এবং ব্যবস্থাপনা পদ্ধতি নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে সংস্থাটি। সমীক্ষার কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’
বাজারে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া, পণ্য সংগ্রহে দেরি হওয়া কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে তা মোকাবিলা করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে বেশি পরিমাণে পণ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো বিতরণের সক্ষমতাও বাড়বে।
নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সচল রাখতে অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায় টিসিবি। এ ছাড়া পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
পবিত্র রমজানের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা সাধারণত বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগে থেকেই পণ্য সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি হয়ে পড়ে। গুদামের ধারণক্ষমতা বাড়লে টিসিবি আগাম বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করতে পারবে। পরে প্রয়োজন অনুসারে সেসব পণ্য বাজারে সরবরাহ করাও সহজ হবে।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করছে টিসিবি। উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর নির্ভর করে এসব কার্যক্রমে গুদামের প্রয়োজনীয়তা নির্ধারিত হয়।
স্বল্প সময়ে নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থায়ী অবকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল পাওয়ার পর বাফার স্টকের পরিমাণ এবং তা বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হবে।
টিসিবির এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা আরও সুসংহত হবে। একই সঙ্গে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।









































