ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নভেম্বর ১৯ ২০২৬, ১৮:৩৯

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যায়। সকাল ৬টার দিকে কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকালে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে একই সময়ে শহরের পেট্রোল পাম্প মোড় এলাকায় সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

চরভাটারাকান্দা ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার জানান, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তাতে বাধা দেন। এরই জেরে ভোররাতে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে তাঁদের ধারণা। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া