মুলাদীতে হাফেজকে পিটিয়ে হত্যা, মেয়েকে পিটিয়ে জখম
মার্চ ০১ ২০২৬, ২২:২৫
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহকে পিটিয়ে হত্যা করেছেন এক মাদকসেবী। এ সময় বাবাকে বাঁচাতে গেলে হাবিবুল্লাহর মেয়েকে পিটিয়ে জখম করা হয়েছে।
রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ হাবিবুল্লাহর মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের নিজ বাড়িতে শাতিল শরীফ (৩২) নামের এক মাদকসেবীর হামলায় মেয়েসহ আহত হয়েছিলেন হাফেজ হাবিবুল্লাহ।
মৃত হাফেজ হাবিবুল্লাহ উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আব্দুস ছত্তার ভূঁইয়ার ছেলে। তিনি কুরআনে হাফেজ ছিলেন।
অভিযুক্ত শাতিল শরীফ একই গ্রামের শাহিন শরীফ ওরফে শাহীন ডাক্তারের ছেলে। তিনি মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে কলেজছাত্রী ফাতিহাকে পিটিয়ে আহত করেছিলেন বলে দাবি নিহতের পরিবারের।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত ফাতিহা জানান, গত শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার শাতিল তাদের বাড়িতে যান। ওই সময় তার বাবা হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ছিলেন না। শাতিল বারান্দার সামনে দাঁড়িয়েই ফাতিহার কাছে ভাত খেতে চান। ওই সময় ফাতিহা তাকে গরুর মাংস দিয়ে ভাত দিলে তিনি বারান্দায় বসে পড়েন। সকাল ১০টার দিকে হাফেজ হাবিবুল্লাহ বাড়িতে ফিরে শাতিলকে বারান্দায় বসে ভাত খেতে দেখলে তাকে ঘরের মধ্যে টেবিলে বসে খাওয়ার অনুরোধ করে।
শাতিল ঘরের মধ্যে প্রবেশ করেই গরুর মাংস দিয়ে ভাত খাবে না জানিয়ে ডিম ভাজি দিতে বলেন। ফাতিহা ডিম ভাজি করতে গেলে শাতিল মাদক কেনার জন্য হাবিবুল্লাহর কাছে টাকা চান। হাবিবুল্লাহ টাকা দিতে অস্বীকৃতি জানালে শাতিল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন।
বাবার ডাক-চিৎকারে ফাতিহা তাকে রক্ষা করতে গেলে শাতিল তাকেও পিটিয়ে আহত করে চলে যান। পরে স্থানীয়রা হাবিবুল্লাহ ও ফাতিহাকে উদ্ধার করে ওই দিনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে হাবিবুল্লাহার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসকরা। সেখানে রোববার ভোরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মোমিন হোসেন বলেন, গত শুক্রবার সকালে মাদকসেবীর হামলায় হাফেজ হাবিবুল্লাহ ও তার মেয়ে আহত হয়েছিলেন। রোববার ভোররাতে হাবিবুল্লাহর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ফাহিতা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








































