বিপিএলে শাস্তি পেয়ে কোচের মুখে ‘সুবহান আল্লাহ’

জানুয়ারি ১৬ ২০২৩, ২৩:৩৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলমান বিপিএলে বিতর্ক চলেই যাচ্ছে। এবারের আসরে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে এডিআরএস নিয়ে।

আর এই এডিআরএস নিয়ে সমালোচনামূলক মন্তব্য করে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শাস্তি পেয়ে নিজের অভিব্যক্তিতে তিনি জানিয়েছেন, সুবহান আল্লাহ।

সম্প্রতি সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্য মন্তব্য করায় শাস্তি পেতে হয় সালাউদ্দীনকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালাউদ্দিনের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করে বিসিবি। সালাউদ্দিন দায় স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

তবে শাস্তির বিষয়ে গণমাধ্যমের একটি সংবাদ নিজের ভেরিফাইড ফেইজবুক অ্যাকাউন্টে শেয়ার করে কোচ সালাউদ্দিন ক্যাপশন হিসেবে লেখেন, ‘সুবহানাআল্লাহ’। একই সঙ্গে ছয়টি হাসির ইমুজি দেন তিনি।

বিসিবি জানায়, আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় আছে, ‘ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য না করা।’

এর আগে জাকের আলী অনিকের আউট নিয়ে আম্পায়ারিং এবং এডিআরএস নিয়ে মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘কিছু বলতে পারবো না, সাসপেন্ড করে দেবে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব, সেটাতেও তো লাভ নেই।’

এমন মন্তব্য করে বিসিবির আচরণবিধি ভঙ্গের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সালাউদ্দিনকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার নামে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও