বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
জুলাই ২৬ ২০২৬, ২০:০০
বরিশালের বানারীপাড়ায় বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে জাহাঙ্গীর হোসেন (৬০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাখার ইউনিয়নে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দ্বিতল ভবনের ওপর নির্মাণাধীন একটি কক্ষের (তৃতীয় তলা) নির্মাণকাজে নিয়োজিত ছিলেন জাহাঙ্গীর হোসেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ভারসাম্য হারিয়ে নিচে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ হাসপাতলে পৌঁছানোর আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।







































