বানারীপাড়ায় কৃষক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

জুলাই ২১ ২০২৬, ২০:৫৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাকিবুল হোসেন সুমনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই দলের প্রতিপক্ষের লোক জনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ৩ টার দিকে বানারীপাড়া উপজেলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, হামলার সময় সাকিবুল হোসেন সুমনের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্বজন ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জুয়েল মাহমুদ এর অনুসারী হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে সুমনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।

তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সুমন প্রতিপক্ষ বানারীপাড়া যুবদলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদারকে প্রধান অভিযুক্ত করেন। এছাড়া চাখার যুবদলের আহ্বায়ক মিজান, বাইশারী ইউনিয়ন যুবদলের নেতা ডালিম, সহ-সভাপতি রফিক মল্লিক, যুবদল নেতা মিজানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগও করেন তিনি।

আহত সাকিবুল হোসেন সুমন (৪৮) বানারীপাড়া উপজেলার গবদ্দাব এলাকার বাসিন্দা। তিনি আদম আলী বেপারীর ছেলে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে আহত পরিবারের সদস্যরা বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও