গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জুলাই ২১ ২০২৬, ২০:৩৬

বরিশাল॥ বরিশালে নগরীর গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নিহত গৃহবধূর বাবার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিরিনের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকে শিরিনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তাঁদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা
করা হয়েছে।

শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, তাঁর মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মা নাজমিন বেগম বলেন, আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যারা আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

ভাই জাহিদুল ইসলাম বলেন, মৃত্যুর আগে শিরিন তাঁকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা শাহ আলম মোল্লা তার মেয়ের স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা ও তার নানী ফিরোজা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি থানার এসআই রাজিব হোসেন বলেন, আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই গৃহবধূর বাবা।এ বিষয়ে মেয়ের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও