শিগগিরই গঠিত হচ্ছে গণমাধ্যম কমিশন: তথ্যমন্ত্রী
জুলাই ৩১ ২০২৬, ২১:২৯
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, জবাবদিহি ও নৈতিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এতে সৎ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। একই সঙ্গে যারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারবেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”
সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “গণমাধ্যমের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”
বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ, বাংলাভিশনের সালেহ টিটু, দীপ্ত টিভির র্তুজা জুয়েল, নাগরিক টিভির শাহিন হাসান, আগামীর সময়ের তন্ময় তপু, দেশ টিভির শাকিল মাহমুদ এবং মোহনা টিভির শেখ শামীমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তারা বলেন, “প্রস্তাবিত গণমাধ্যম কমিশন যেন সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপেশার মর্যাদা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।”
অনুষ্ঠিতে বরিশালের প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও অন্যান্য গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং গণমাধ্যমের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।








































