নীতিমালা দিয়ে সাংবাদিকদের গুণগত মান বাড়ানো সম্ভব নয়-তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ০৩ ২০২৬, ১৭:১০

ভোলা প্রতিনিধি: আইন বা নীতিমালা প্রণয়ন করে সাংবাদিকদের গুণগত পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, নীতিমালার মাধ্যমে আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলেও নীতিগত শিক্ষার মাধ্যমেই কেবল একজন দায়িত্বশীল সাংবাদিক তৈরি সম্ভব।

বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা উচিত। অসত্য বা দায়িত্বহীন সাংবাদিকতার কারণে যেন কারো সম্মান ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সংবাদকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যে ভুয়া সংবাদ, সাইবার বুলিং এবং এআই প্রযুক্তির অপব্যবহারে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তবে সংবাদকর্মীদের কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভোলাকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার পার্থ জানান, নদী ভাঙন রোধ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার একাধিক বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ জন্য দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ এবং বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও