দারিদ্র্যকে জয় করে স্বপ্ন পূরণে ২০ শিশুর পাশে সমাজের সম্মানিত ব্যক্তিরা
আগস্ট ২৭ ২০২৬, ২১:৩৫
বরিশাল: দারিদ্র্য ও নানা প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া ২০ মেধাবী ও অসহায় শিশুর পাশে দাঁড়িয়েছে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা শিশু সুরক্ষা কমিটির অভিভাবক সমাবেশ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব শিশুর হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়। তাদের কারও বাবা নেই, কারও মা নেই। নানা প্রতিকূলতার মধ্যেও তারা লেখাপড়া করে ভবিষ্যতে নিজেদের স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে ৮৪ ইভেন্ট গ্রুপের উদ্যোগে চার শিশুর ছয় মাসের শিক্ষা অভিভাবকত্ব গ্রহণ করা হয়। এ সময় প্রত্যেক শিশুকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি আরও ১৬ শিশুর শিক্ষা ও ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করেন সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করেন বিভাগীয় পরিচালক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।
৮৪ ইভেন্ট গ্রুপের বরিশালের দায়িত্বে থাকা অ্যাডমিন সাজ্জাদ পারভেজ বলেন, “একটি শিশুর স্বপ্ন যেন দারিদ্র্যের কাছে হার না মানে—এই ছোট্ট প্রয়াসে আমাদের প্রত্যাশা সেটুকুই। ওদের চোখের স্বপ্নগুলো বেঁচে থাকুক, আলোর পথে এগিয়ে যাক।”
আয়োজকরা মনে করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় শিশুদের পাশে দাঁড়ালে তাদের শিক্ষাজীবন যেমন এগিয়ে যাবে, তেমনি ভবিষ্যতে তারা নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে।








































