মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আগস্ট ৩০ ২০২৬, ২১:৫০

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল):
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রুবেল খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর এলাকায় অভিযান চালান। এ সময় কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মোস্তফা বেপারী, পিতা মৃত ফজলে করিম বেপারী, রাজাপুর এলাকার বাসিন্দা; মো. রাসেদ সরদার (৩৮), পিতা মৃত কাঞ্চন সরদার, মাতা রানু বেগম, দাদপুর মধ্যকান্দি এলাকার বাসিন্দা; মো. মফিজ ঢালী (৩৫), পিতা মৃত কাশেম ঢালী, মাতা সেলিমা বেগম, দাদপুর মধ্যকান্দি এলাকার বাসিন্দা এবং রাজিব (২৯), পিতা মৃত হারুন অর রশিদ, মাতা জুলেখা বেগম, রাজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোস্তফা বেপারী এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”

স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও