বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৪

আগস্ট ২৯ ২০২৬, ১১:৩৩

রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীর ছেলে বগুড়ার কাউন্সিলর বেলায়েত হোসেন আবু জানান, তার অসুস্থ মা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

কাউন্সিলর আবুর অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকে বারবার গতি কমানোর জন্য নিষেধ করা হলেও তিনি তা শোনেননি।

ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্সটি গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, দুর্ঘটনায় তিনি, তার অসুস্থ মা ও বোন আহত হয়েছেন। পরে তাদের অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাইভেটকারচালক মুস্তাকিম জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে বরিশাল নগরীর রুপাতলীর উদ্দেশে যাচ্ছিলেন। তার গাড়ির গতি কম ছিল এবং গাড়িটি সড়কের পাশে ছিল। এ সময় অ্যাম্বুলেন্সটি এসে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি হাত, পা ও বুকে আঘাত পেয়েছেন।

গৌরনদী মহাসড়ক থানার এসআই মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও