বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল বিআরটিএ’র আর্থিক সহায়তা
সেপ্টেম্বর ০২ ২০২৬, ২১:৩৮
আরিফ হোসেন ॥ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তারই ধারাবাহিকতা হিসেবে ট্রাস্টি বোর্ডের আওতায় বরিশালে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২৭ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিআরটিএ ও বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: আতিকুর রহমান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ টি পরিবারের মধ্যে নিহত ১৩ পরিবারকে প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে ও গুরুতর আহত কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ৮ ব্যক্তিকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসবে না এমন ৬ জন ব্যক্তির পরিবারকে ৩ লক্ষ টাকা করে মোট ৬৫ লক্ষ টাকার অনুদানকৃত চেক বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মামুন বলেন, সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে।
দুর্ঘটনায় যেসব পরিবার স্বজন হারিয়েছে, তাদের সেই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এই অনুদানও তাদের বেদনা লাঘব করতে পারবে না। তবে এর মাধ্যমে সরকার যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে, সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি সবাইকে সড়কে চলাচলে সচেতনতা বাড়ানো এবং নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।








































