সড়কে প্রাণ গেল এনজিওকর্মী সাগরের
ডিসেম্বর ১৪ ২০২৪, ১৩:০৩
পটুয়াখালীর মহিপুরে বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সাগর তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।








































