ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৩০

জানুয়ারি ১৬ ২০২৩, ১০:৪৭

আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোর একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ‍নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

শনিবার ইউক্রেনজুড়ে নতুন করে ব্যাপক মিসাইল হামলা চালায় রাশিয়া। সেসময়ই পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোর একটি আবাসিক ভবনে মিসাইল হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জনানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় এখনো ৪৪ জন নিখোঁজ রয়েছেন।

ওই ভবনে আর কেউ বেঁচে নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিপ্রোর মেয়র। হামলায় এখনো পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন এবং আরও ৪৪ জন নিখোঁজ রয়েছেন বলে জনিয়েছেন শহরের কর্মকর্তারা।

নিপ্রোর মেয়র বরিস ফিলাতোভ বলেছেন, হামলার পর এখন সেখানে অন্য কাউকে জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা ‘ন্যূনতম’ পর্যায়ে রয়েছে।

গত শনিবার নিপ্রো ছাড়াও রাজধানী কিয়েভ, খারকিভ ও ওডেসাতেও হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মস্কো উল্লেখ করেছে।

মেয়র বরিস ফিলাতোভ বলছেন, হামলার পর প্রায় ৭০ জনের চিকিৎসার প্রয়োজন হয়েছে এবং তাদের মধ্যে ১০ জনের ‘অবস্থা বেশ কঠিন’ ছিল।

পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে।’

এদিকে রবিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার পর তিনি সারা বিশ্ব থেকে সহানুভূতির অনেক বার্তা পেয়েছেন। একইসঙ্গে হামলার বিষয়ে রাশিয়ান জনগণের ‘কাপুরুষোচিত নীরবতার’ নিন্দাও করেছেন তিনি।

ভাষণে রাশিয়ান ভাষায় জেলেনস্কি বলেন, তিনি সেইসব মানুষের উদ্দেশে কথা বলতে চান যারা এখনো এই সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দার কয়েকটি শব্দও উচ্চারণ করতে পারে না।

অন্যদিকে রুশ হামলার জেরে ইউক্রেনেকে আরও সামরিক সহায়তার কথা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জার্মান মিডিয়াকে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ রবিবার বলেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও ভারী অস্ত্র সরবরাহের আশা করতে পারে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও