ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত চালকদের অবস্থান
জুন ১৬ ২০২৬, ২২:৫০
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পায়েচালিত রিকশাশ্রমিকেরা। দাবি আদায়ে মঙ্গলবার সকালে তাঁরা রিকশা চলাচল বন্ধ রেখে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমবেত হন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন পায়ে চালিত রিকশা শ্রমিক সংগঠনে সভাপতিচাঁন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালামসহ অন্যান্য সদস্যরা।
শ্রমিকেরা বলেন, নগরীর নির্ধারিত কয়েকটি সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়ে যাওয়ায় পায়ে চালিত রিকশাচালকদের আয় কমে গেছে। পাশাপাশি সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে তাঁদের অভিযোগ। এ কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
সকাল থেকে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর শ্রমিকেরা রিকশা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে যান। সেখানে গিয়ে তাঁরা অবস্থান নেন এবং প্রশাসনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন।
তবে সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত না থাকায় তাঁদের সঙ্গে সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে সাত দিনের সময় প্রয়োজন বলে আশ্বাস দেন।








































