বকেয়া মজুরি-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের ভুখা মিছিল
জুন ১৬ ২০২৬, ২২:৫৭
বকেয়া মজুরি-ভাতা দ্রুত পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করে নতুন মালিকের কাছে হস্তান্তরের দাবিতে বরিশালে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে কারখানার গ্যাস টার্বাইন এলাকা থেকে শুরু হওয়া ভুখা মিছিলটি নগরীর রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে শতাধিক শ্রমিক-কর্মচারীর অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে শ্রমিকরা বকেয়া বেতন, ওভারটাইম বিল, নাইট ভাতা, সার্ভিস বেনিফিটসহ দীর্ঘদিনের পাওনা পরিশোধের দাবি জানান। একইসঙ্গে কারখানা বিক্রির ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে হস্তান্তরের আহ্বান জানান তারা।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার।
সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং প্রচার সম্পাদক ফয়সাল।
বক্তারা অভিযোগ করে বলেন, কারখানা বন্ধের নোটিশ জারির পর থেকেই শ্রমিক-কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা না পাওয়ায় অনেক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে এবং আর্থিক সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে।
তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে শ্রমিক নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শ্রমিকদের অধিকার ও জীবিকার প্রশ্নে কোনো ধরনের আপস না করারও ঘোষণা দেন।









































