ববি শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নে কর্মশালা
জুন ১৬ ২০২৬, ২৩:০০
গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা ও দক্ষ গবেষক তৈরির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, গবেষণার নৈতিকতা সম্পর্কে সচেতনতা এবং আধুনিক গবেষণা পদ্ধতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো জ্ঞান সৃষ্টি, জ্ঞানচর্চা এবং সেই জ্ঞানকে সমাজকল্যাণে কাজে লাগানো। গবেষণায় আগ্রহ থাকলেই হবে না, এর জন্য প্রয়োজন সঠিক গবেষণা পদ্ধতি, গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা।
উপাচার্য আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গবেষণার ক্ষেত্র ও পদ্ধতিতে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে গবেষকদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আজকের এই কর্মশালা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণামুখী ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
গবেষণার মানোন্নয়ন ও গবেষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন একটি গবেষণা প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে উদ্ভাবন, সৃজনশীলতা এবং উৎকর্ষতা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ ও বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল মামুন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক ড. বদিউজ্জামান।
তারা গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণাপত্র লেখার কৌশল, একাডেমিক প্রকাশনা এবং গবেষণার বিভিন্ন আধুনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের প্রায় ১০০ জন থিসিস শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্পন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের পথ সুগম করবে।









































