মারধর করে সাগরে পাঠায় মালিকপক্ষ, জেলের মৃত্যু

সেপ্টেম্বর ০৬ ২০২৫, ০৯:৩০

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারে পৌঁছাতে দেরি করায় মালিকপক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আল-আমিন আড়তে এ ঘটনা ঘটে।

মারধরে মৃত্যুবরণকারী জেলে হেলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। আহতরা হলেন সাদ্দাম আকন (১৮) ও আসাদুল (২২)।
 
পরিবারের সদস্য ও আহত জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য মন্টু ফরাজীর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার প্রস্তুত করা হয়। কিন্তু মঠবাড়িয়া থেকে আলীপুরে পৌঁছাতে দেরি হয় ওই তিন জেলের। রাত ৯টার পর তারা পৌঁছালে মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় ট্রলার মালিক মন্টু ফরাজীর নেতৃত্বে কয়েকজন তাদের বেধড়ক মারধর করে। পরে জেলেদের ট্রলারে তুলে সাগরে পাঠানো হয়। সাগরে যাওয়ার পরই তিন জেলের শারীরিক অবস্থার অবনতি হয়।
 
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন আছেন।
 
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও