বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ কর্মশালা
জুন ২৩ ২০২৬, ১৮:৩০
বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। এতে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্রসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বক্তারা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেড ক্রিসেন্ট, ব্র্যাক, মেরী স্টোপস ক্লিনিকসহ ১৮টি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন কর্মী অংশ নেবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এবারের ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসতে হবে। এছাড়া গত চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকলে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করে তোলার আহ্বান জানান।









































