ভোলার বোরহানউদ্দিনে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিন আসামি হলেন- উপজেলার কাচিয়া ইউনিয়নের মো. কামালের ছেলে রাহাত (১৭), মো. জাকির হোসেনের ছেলে সিয়াম (১৭), মো. কাশেমের ছেলে ইমন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে গত ২৬ জুলাই দুপুরে স্থানীয় একটি নির্জন বাগানে নিয়ে ৫ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ৫ আসামির মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করেন।
মামলার বাদী জানান, এ কিশোর গ্যাংয়ের দলটি দীর্ঘদিন ধরে তার বোন স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত, তাতে রাজি না হওয়ায় ঘটনার দিন স্কুল থেকে ফেরার পথে বাগানে নিয়ে জোর করে মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনা পরিবারকে জানালে ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দেয়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।