বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
সেপ্টেম্বর ১১ ২০২৬, ০০:০২
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত সুমন সিকদার (৩৮) কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে এবং পেশায় ভ্যান চালক।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর অভিযুক্ত রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও মনা তালুকদার পলাতক রয়েছেন। রিগ্যান ওই এলাকার রফিক হাওলাদারের পুত্র। সে যুবদলের রাজনীতির সাথে জড়িত। সুমন সিকদার ওই এলাকার বাবুল সিকদারের পুত্র এবং মনা তালুকদার অবসরপ্রাপ্ত পুলিশ।
নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ীর সামনে তার ছেলের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তর্কাতর্কি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তার সমর্থক মনা তালুকদার, সুমন সিকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমন শিকদারের মাথায়, হাতে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কোপায়। সুমনের মৃত্যু নিশ্চিত ভেবে হত্যাকারীরা তাকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলে চলে যায়। থানা পুলিশ খবর পেয়ে সুমনকে পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সত্যজিৎ দত্ত তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা ও নিহত সুমনের ছেলে তানভীর সিকদার জানায়, কিছুদিন পূর্বে অবসরপ্রাপ্ত পুলিশ মনা তালুকদার তার ছোট মা মনি বেগমের সাথে পরকীয়া সম্পর্ক করে ভাগিয়ে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে তার বাবার সাথে মনার পূর্বশত্রুতা ছিল।
ওসি আদিল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।








































