প্রেমের টানে বরিশালে চীনা যুবক: ধর্ম পরিবর্তনের পর বিয়ে

সেপ্টেম্বর ১২ ২০২৬, ২০:৩১

ভাষার বাধা ও দূরত্বের সীমানা পেরিয়ে ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা যুবক জিয়াং (৩৫)। শুধু আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করে ঘর বেঁধেছেন তিনি। জাঁকজমকপূর্ণ সামাজিক আনুষ্ঠানিকতা শেষে এখন স্ত্রীকে নিজ দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই চীনা নাগরিক।

চীনা যুবক জিয়াং দেশটির জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। অপরদিকে কনে জান্নাতুল ইসলাম ইভা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

কফি আড্ডা থেকে বিয়ের পিঁড়িতে

ইভা জানান, তাদের পরিচয়ের সূত্রপাত ঘটেছিল ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা সিটিতে। মোবাইল কিনতে গিয়ে সেখানে থাকা তিন চীনা নাগরিকের সঙ্গে তার কথা হয়। এক পর্যায়ে কফি আড্ডায় তারা ইভাকে চীনের বাসিন্দা জিয়াংয়ের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় করিয়ে দেন। এরপর শুরু হয় নিয়মিত চ্যাটিং ও কথোপকথন।

তিনি আরও জানান, টানা দেড় বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় চলতি বছরের ৩ আগস্ট। সেদিন বাংলাদেশে পা রাখেন জিয়াং এবং ঢাকায় প্রথম মুখোমুখি হন ইভার। পরদিনই (৪ আগস্ট) আইনি প্রক্রিয়ায় নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে রেজিস্ট্রি কাবিনমূল্যে তাদের বিয়ে সম্পন্ন হয়।

গ্রামে গায়ে হলুদ ও বৌভাত

সম্প্রতি স্বামী জিয়াংকে নিয়ে বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসেন ইভা। গত ১০ সেপ্টেম্বর পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ধুমধাম করে আয়োজন করা হয় বৌভাতের।

ইভা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘ওর ভাষা আমি কিছুটা বুঝি, বাকিটা ট্রান্সলেশন অ্যাপ ব্যবহার করে কথা বলি। জিয়াং আমাদের গ্রাম, দেশীয় খাবার এবং এখানকার পরিবেশ খুব পছন্দ করেছে। সে আমাকে খুব ভালোবাসে, পরিবারের সবার সঙ্গে তার ব্যবহার অত্যন্ত অমায়িক।’’

অনুবাদ অ্যাপের সাহায্যে জিয়াংও নিজের আনন্দের কথা প্রকাশ করে জানান, ভালোবাসার টানেই তার বাংলাদেশে আসা এবং খুব শিগগিরই স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ দেশ চীনে ফিরবেন তিনি।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘‘মেয়ের জামাই হিসেবে জিয়াংকে আমরা সানন্দে গ্রহণ করেছি। মেয়ের পাসপোর্ট তৈরির কাজ শেষ। কিছুদিন পর জামাই আমার মেয়েকে নিয়ে চীনে চলে যাবে।’’

এদিকে চীনা নাগরিকের বিয়ের বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নয়। উক্ত চীনা নাগরিক বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন কি না এবং বিয়ের বিষয়টি আইনসম্মত কি না, তা খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও