আগস্ট ০৩ ২০২৬, ২১:০২

সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন
সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন

বরিশালের গৌরনদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া সাংবাদিক এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, কাজী আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল।

প্রতিবাদ কর্মসূচিতে গৌরনদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, সংবাদ সংগ্রহে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপরও আঘাত। তারা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ আগস্ট বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট গৌরনদী মডেল থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি এবং ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

মামলার বাদীপক্ষের দাবি, হামলায় জড়িত অন্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

ঘটনার সূত্রপাত হয় গত ২ আগস্ট বিকেলে। সেদিন উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এক মোটর মেকানিককে কুপিয়ে আহত করার খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার। অভিযোগ রয়েছে, সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে এবং তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও