ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা

জুন ০৮ ২০২৬, ১০:১৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরম পারদ ছুঁয়ে লেবাননের বৈরুতে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার পাল্টা বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা পরিচালনা করেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানসহ বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে হুঁশিয়ার করে ইরান জানিয়েছিল, এমনটি করা না হলে দেশটি আরও আক্রমণের মুখোমুখি হবে।

আল জাজিরা জানিয়েছে, এরপর রোববার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে’।

ইসরায়েলে ইরান হামলা চালানোর পর ইসলামিক প্রজাতন্ত্রটিতে এখনই পাল্টা হামলা না চালানোর জন্য বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

কিন্তু আল জাজিরার ইরান প্রতিনিধি জানিয়েছেন, তারা তেহরানে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এর পাশাপাশি ইরানের ইস্পাহান, তাবরিজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আল জাজিরা লিখেছে, এর মানে ইসরায়েল ইরানের হামলার জবাব দেওয়া শুরু করেছে। এ ধরনের কিছু হলে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জানিয়েছিল ইরান। তেমনটি হলে এই দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে ফের সংঘাত উস্কে উঠতে পারে।

ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার কেন্দ্রে আছে লেবানন। ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার ধারাবাহিকতার প্রতিক্রিয়ায়, বিশেষ করে বৈরুতের দক্ষিণাংশের দাহিয়ায় হামলার জবাবে রাতে ওই হামলা চালিয়েছে তারা।

রোববার রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিমান ঘাঁটি রামাত ডেভিডকে লক্ষ্যস্থল করেছে।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, “আজ রাতের অভিযান একটি হুঁশিয়ারি আর যদি এই আগ্রাসনের পুনরাবৃত্তি হয় তাহলে প্রতিক্রিয়া আরও বিস্তৃত হবে আর তা এই অঞ্চলের সব আমেরিকান-জায়নবাদী লক্ষ্যস্থলকে অন্তর্ভুক্ত করবে।”

রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প রোববার বলেছেন, ইসরায়েল ও ইরানের নতুন পাল্টাপাল্টি হামলা তার প্রশাসনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না। তিনি আরও বলেছেন, নেতানিয়াহু ‘সিদ্ধান্ত গ্রহণ করেন না’।

ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে ইরানের হামলার জবাব দেওয়া থেকে ইসরায়েলকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। ইসরায়েলকে সংযত থাকার জন্য চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এখন এটি পরিষ্কার হয়ে গেছে ঘটনা সে রকম হয়নি, ইসরায়েলিরা যুক্তরাষ্ট্রের অনুরোধ না মেনে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও