আমার বরিশাল ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।
দেশের ২১ জেলায় এসব দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
এর মধ্যে গোপালগঞ্জে একই পরিবারের তিন সদস্যসহ ৫ জন, নেত্রকোনায় ৫ জন, ফরিদপুরের মধুখালীতে ৪ জনসহ নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জে হতাহতের একাধিক ঘটেছে।
গোপালগঞ্জে ৫ জন নিহত
গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হন।
জানা গেছে, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের বেদগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নেত্রকোনায় ৫ জন নিহত
ঈদের পরদিন শুক্র নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নীরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।
এছাড়া রোববার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুরে ৪ জন নিহত
ঈদের দিন বিকেলে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।
গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারচাপায় মো. আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।
একই দিন ভোরে রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত বাহনের চাপায় ভারসাম্যহীন নারী মীম খাতুন (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে।
ময়মনসিংহে ২ জন নিহত
গত শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- হালুয়াঘাট থানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।
বরিশাল
গত ২৫ মে থেকে ৩১ মে দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে ঈদের ছুটির পাঁচ দিনে পৃথক দূর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে । গত মঙ্গলবার(২৬ মে)চার বছর পর স্ত্রী ও ফুটফুটে কন্যা সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন উজিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯)। পথিমধ্যে দুপুরে সাড়ে বারটার দিকে গৌরনদী উপজেলার মহাসড়কের বাটাজোর বাসষ্ট্যান্ডে যানজটের কারনে মোটরসাইকেল থামিয়ে রাখেন।
এসময় তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মাহমুদ সহ তার স্ত্রী মনিরা বেগম এবং কন্যা জান্নাত আক্তার(৪)নিহত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে।
অপরদিকে শনিবার (৩০ মে) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় যাত্রীবাহি লাবিবা গ্রুপের আহানাত পরিবহনের ধাক্কায় উজিরপুরের সাতলা গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক শাহ আলম (৩৯) নিহত হয়েছে।
একই দিন সকাল ৯টার দিকে দশমিনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বার্থী বাসস্ট্যান্ড এলাকার একটি দুধের বাজারে ঢুকে পড়ে। এতে পথচারী তারাকুপি গ্রামের মৃত আলম চৌকিদারের ছেলে জাহাঙ্গীর চৌকিদার (৬০) নিহত হন। এ ঘটনায় আরও চার পথচারী আহত হন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চাপায় পথচারী উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. আইয়ুব আলীর স্ত্রী মোসা. হাসিনা (৫৫) নিহত হন।
নরসিংদীতে ২ জন নিহত
গত বুধবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)।
পটুয়াখালীতে ২ জন নিহত
গত বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ চাচাতো ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)।
চট্টগ্রামে ২ জন নিহত
গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের প্রাণহানি ঘটেছে। উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনজিত দাশের একমাত্র ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)।
সাতক্ষীরায় ২ জন নিহত
গত মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল এবং মেহেদী হাসান (২৫) নামে অপর এক আরোহী নিহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরে ২ জন নিহত
গত শনিবার বিকেলে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হন। দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলচালক আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ঘটনাস্থলে এবং তার বন্ধু আহত আহনাদ তহমিদ রিয়াদ (১৮) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।
নাটোরে ১ জন নিহত
ঈদের দিন রাতে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সজিব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চলনবিল পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব উপজেলার তাজপুর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের আরিফুল ইসলাম টগরের তৃতীয় ছেলে।
নড়াইলে ১ জন নিহত
ঈদের দিন বিকেলে লোহাগড়া উপজেলার ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক সাব্বির গাজী (১৭) নিহত হন।
জামালপুরে ১ জন নিহত
গত বুধবার সকালে সদরের বিনন্দের পাড়া এলাকায় জানাজায় অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
চাঁদপুরে ২ জন নিহত
চাঁদপুর সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া হাজীগঞ্জে ২ বাসের প্রতিযোগিতায় একটি বাস এক ব্যক্তিকে চাপা দিলে তার মৃত্যু হয়। গত রোববার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন।
গাইবান্ধায় ১ জন নিহত
পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে রিকতা খাতুন (২৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ যাত্রী।
গত রোববার সকালে উপজেলার গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকতা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।
পাবনায় ১ জন নিহত
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
কক্সবাজারে ১ জন নিহত
রামুতে গত শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
টাঙ্গাইলে ১ জন নিহত
টাঙ্গাইলে ভূঞাপুরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।
কুষ্টিয়ায় ১ জন নিহত
সেনাবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫/৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম জিয়াউল ইসলাম (৪৫)।
গত রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কিশোরগঞ্জে ১ জন
গত রোববার সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।









































