প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
মে ২৮ ২০২৬, ১৬:১৯
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা বাংলাদেশের মতো ভারতেরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের দেশজুড়ে লাখো মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই পবিত্র ঈদ উৎসব পালন করে থাকেন।
শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ মূলত ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের মহান আদর্শকে তুলে ধরে, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা লালন করে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় দুই দেশের জনগণের সার্বিক কল্যাণে জনমুখী সহযোগিতা আরও বৃদ্ধি করে বাংলাদেশের সঙ্গে আগামী দিনে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
চিঠির শেষাংশে তিনি বাংলাদেশের জনগণের সুদীর্ঘ অগ্রগতি ও উন্নতি কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।









































