বরিশালে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্র‍ী, কর্মী বরখাস্ত

মে ১২ ২০২৬, ০১:৪৩

বরিশাল জেনারেল হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় জসীম মাতুব্বর নামে এক ডায়াগনস্টিক টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টরকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

​সোমবার (১১ মে) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।পরে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের রোস্টার ও এটেনডেন্স দেখেন।

এ সময় ডায়াগনস্টিক টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান মন্ত্রী। সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং সময়মতো উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে বরখাস্ত করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী হাসপাতালে ময়লা-আবর্জনা ও ক্লিনিক ডায়াগনস্টিকের দালালদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, ‘মন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে জসীম মাতুব্বরের অনুপস্থিতি লক্ষ্য করেন। শৃঙ্খলা বজায় রাখতে এবং সেবার মান নিশ্চিত করতে তিনি তাৎক্ষণিক তাকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও