কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত মা কচ্ছপ
এপ্রিল ০৬ ২০২৬, ২১:৪৫
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্রসৈকতে ভেসে এসেছে প্রায় ৩০ কেজি ওজনের একটি মৃত কচ্ছপ। এটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ।
রবিবার বিকেলে লেম্বুর বন ফিশ মার্কেট সংলগ্ন সৈকতে স্থানীয়রা কচ্ছপটি দেখতে পান। তাদের ধারণা, কচ্ছপটি ৩ থেকে ৪ দিন আগে মারা গেছে এবং পরে জোয়ারের পানির সঙ্গে ভেসে তীরে আসে।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা মৃত কচ্ছপটি উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।
একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তারা জানান, এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত। দূষণ, অবৈধ জাল ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, একই দিনে একটি মৃত কচ্ছপ ও একটি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি। পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।
কুয়াকাটা ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া জানান, দুর্গন্ধ এড়াতে মৃত কচ্ছপটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে।










































