আ.লীগের ৩৭.৯% ভোটার বিএনপিকে, ৩৭% জামায়াতকে চান
ফেব্রুয়ারি ০৮ ২০২৬, ০২:৩৬
ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৭ দশমিক ৯ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি। আর দলটির ৩৭ শতাংশ সমর্থক জামায়াতকে ভোট দিতে চান। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চারের’ এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
গতকাল শনিবার রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের সভাপতি ড. শিব্বির আহমেদ, ভয়েজ ফর রিফর্মের সম্পাদক এবং বিডিজবসের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর।
সোচ্চারের জরিপে দেখা গেছে, সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি ৩৭ শতাংশ ভোটার জামায়াতকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ড. শিব্বির আহমেদ বলেন, প্রধান চার রাজনৈতিক দলের নির্বাচনি এলাকা ঢাকা-১১, ১৩, ১৫ ও ১৭ আসনের ভোটারদের মতামত নেওয়া হয়েছে। এসব আসনে সর্বশেষ নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন তাদের থেকেই এ তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এখনও সিদ্ধান্তহীনতায় আছেন ১০ দশমিক ৮ শতাংশ। এছাড়া ৬ দশমিক ১ শতাংশ ভোট দেওয়ার বিষয়ে মত জানাতে চাননি। আর ৫ দশমিক ৪ শতাংশ ভোট না-ও দিতে পারেন বলে জানিয়েছেন। গবেষণা সংস্থাটি বলছে, এ জরিপের ফল ভোটারদের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।









































