দারিদ্র্যের সঙ্গে লড়াই নব্বই ছুঁইছুঁই বয়সে আলেয়ার

জানুয়ারি ১৬ ২০২৬, ১৮:৩০

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে নদীর পাড়ের একটি জীর্ণ ঘরে একা বসবাস করছেন প্রায় ৯০ বছর বয়সী আলেয়া বেগম। শেষ বয়সে এসে সন্তানদের সান্নিধ্য ছাড়াই দুমুঠো আহারের জন্য তাঁকে প্রতিদিন কাজ করে বেঁচে থাকতে হচ্ছে।

নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলেয়া বেগমের জীবন যেন দারিদ্র্য আর নিঃসঙ্গতার দীর্ঘ গল্প। মুক্তিযুদ্ধের তিন বছর পর স্বামীকে হারানোর পর থেকেই শুরু হয় তাঁর সংগ্রামী জীবন। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু শেষ বয়সে এসেও কমেনি কষ্ট।

এদিকে সংসারের সদস্য বলতে এখন তিনি একাই। যদিও তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তবে বাস্তবতায় শেষ বয়সে তাঁদের সান্নিধ্য কিংবা নিয়মিত সহযোগিতা কিছুই জোটে না। ফলে অবহেলা আর একাকিত্বই হয়ে উঠেছে তাঁর নিত্যসঙ্গী।
নদীর পাড়ের জীর্ণ ঘরেই শেষ আশ্রয়

কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর তীরঘেঁষা একটি ছোট ও নড়বড়ে ঘরই আলেয়া বেগমের একমাত্র আশ্রয়। বর্ষা কিংবা বন্যার সময় নদীর পানি বাড়লে দুর্ভোগ আরও বেড়ে যায়। তবুও এই ঘর ছেড়ে যাওয়ার মতো কোনো বিকল্প নেই তাঁর সামনে।

অন্যদিকে বয়সের ভার, ঝাপসা দৃষ্টি ও নানা শারীরিক সমস্যার কারণে হাঁটাচলাই তাঁর জন্য কষ্টকর। তবুও থেমে থাকার সুযোগ নেই। কারণ দুমুঠো খাবারের জন্য তাঁকে প্রতিদিন সংগ্রাম করেই বাঁচতে হয়।
সুপারির খোসা ছাড়িয়েই চলে জীবন

সুপারির মৌসুমে ধারালো দা হাতে নিয়ে কাঁচা সুপারির খোসা ছাড়ান আলেয়া বেগম। প্রতিদিন একটু একটু করে কাজ করেন। তাঁর ভাষায়, ১০০ সুপারি ছাড়ালে হয় এক কুড়ি। ১০ কুড়ি সুপারি ছিলাতে পারলে মেলে ৫০০ টাকা।

তবে বয়স ও শারীরিক দুর্বলতার কারণে এক হাজার সুপারি ছাড়াতে তাঁর প্রায় সাত দিন সময় লাগে। এই সাত দিনের আয়ে কোনো রকমে একার খাবার জোটে।

তবে সুপারির মৌসুম না থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। তখন অনেক সময় আধপেটা খেয়েই দিন কাটাতে হয়। মাঝে মধ্যে মেয়ে তিন-চার শ টাকা পাঠালে তাতেই ভরসা রাখেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, শীতের এই মৌসুমেও আলেয়া বেগমের ঘরে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। শরীরে নেই পর্যাপ্ত গরম কাপড়। রান্না করার মতো ছিল সামান্য কিছু চাল আর কয়েকটি আলু। সেগুলো দেখিয়ে তিনি বলেন, ‘এতেই আমার চলে যাবে।’

এদিকে স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আমীন লিটন জানান, আলেয়া বেগমের ছেলে একটি দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় শয্যাশায়ী। মেয়েও স্বামীহারা হয়ে নিজের সংসার নিয়ে টানাপোড়েনে আছেন। ফলে বৃদ্ধ মায়ের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় কেউ নেই।
নীরব কষ্টের প্রতিচ্ছবি

স্থানীয়দের মতে, আলেয়া বেগমের মতো অসহায় বৃদ্ধদের জন্য সরকারি ও সামাজিক সহায়তা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করায় শীত ও বর্ষায় তাঁর দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়।

সবশেষে বলা যায়, অশীতিপর আলেয়া বেগমের জীবন সমাজের অবহেলা আর নিঃসঙ্গতার এক নীরব দলিল। যা আমাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বাস্তব চিত্র নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও