বরিশালে কর্মক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ
সেপ্টেম্বর ০৩ ২০২৫, ২০:২৩
নিজস্ব প্রতিনিধিঃ বরিশালে কর্মক্ষেত্রে নিয়োগকর্তাদের জন্য জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২রা ও ৩রা সেপ্টেম্বর ২দিন ব্যাপী নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সেইন্ট বাংলাদেশ এর অডিটোরিয়াম কক্ষে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে নিয়োগকর্তাদের জন্য লিঙ্গ সমতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। অংশীদার হিসেবে সহযোগিতা করেছে কানাডা সরকার এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (MCCI) এর প্রধান প্রশিক্ষক যোহা জামিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস আহমেদ লিলি সভাপতি বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
প্রশিক্ষণে বক্তারা বলেন, “লিঙ্গ সমতা কেবল একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং এটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও স্থায়িত্বের জন্য অপরিহার্য।” তারা আরও উল্লেখ করেন, নিয়োগকর্তাদের দৃষ্টিভঙ্গি ও নীতি-নির্দেশনায় পরিবর্তন আনতে পারলেই কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমঅধিকার কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব।
প্রশিক্ষণ প্রাপ্তরা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য নিয়োগকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত হলে উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি কর্মীদের কাজের মনোবলও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বাড়াবে এবং সমঅধিকারভিত্তিক কর্মপরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে এছাড়া কর্মক্ষেত্রে বৈষম্য কমাতে এবং নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন।ভবিষ্যতে বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনার কথাও তারা জানান।










































