আদালত খুললেও স্বাভাবিক হয়নি বিচারকাজ

জুলাই ২৬ ২০২৪, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ের প্রভাব পড়েছে ঢাকার অধস্তন আদালতে। গত দুদিন ধরে আদালত খুললেও অন্যান্য সময়ের চেয়ে কম উপস্থিতি দেখা গেছে আইনজীবী, বিচারপ্রার্থী ও আসামিদের। তবে কোটা আন্দোলনকে ঘিরে গ্রেফতার আসামিদের রাজধানীর প্রত্যেক থানা থেকে আদালতে হাজির করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেখতে ঢাকার সিএমএম আদালতের হাজতখানার সামনে ভিড় করতে দেখা যায় আত্মীয়-স্বজনদের।
কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় নাশকতাকারীরা। এরপর সরকার গত ২১ জুলাই থেকে দেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত ২৪ জুলাই থেকে অন্যান্য অফিসের মতো আদালতের কার্যক্রমও চালু করে সরকার। গত বুধবারের পর বৃহস্পতিবার আদালতে মানুষের সংখ্যা কিছুটা বাড়লেও আদালত পাড়ায় আগের মতো লোকসমাগম নেই। সাধারণত অন্যান্য সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেশি ব্যস্ত থাকে ঢাকার আদালত প্রাঙ্গণ। কিন্তু কারফিউয়ের মধ্যে বুধ ও বৃহস্পতিবার তেমন কোনো ভিড় দেখা যায়নি।
সরেজমিন দেখা যায়, অধিকাংশ মামলায় যদিও কোনো বাদী আসে, আসামি আসে না। আবার কোনো মামলায় আসামি এসেছে তো বাদী আসেনি। ফলে বাদী, সাক্ষী কিংবা আসামি না আসায় প্রায় সব মামলায়ই সময়ের আবেদন করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত আদালত খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার আইনজীবী ও বিচারপ্রার্থীদের সংখ্যা কিছুটা বেড়েছে।
এদিন আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট কাজী নাজিবুল্লা হিরুর নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতির সামনে আওয়ামীপন্থি আইনজীবীদের নাশকতাবিরোধী সমাবেশ করতে দেখা যায়। ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার সাদাত শাওনসহ সহস্রাধিক আইনজীবী।

ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. মুনজুর আলম বলেন, কোটা সংস্কার আন্দোলন পরবর্তী বর্তমান কারফিউর কারণে অনেক বিচারপ্রার্থী আদালতে হাজির হচ্ছেন না। অধিকাংশ মামলায় সময়ের আবেদন জমা দিচ্ছেন আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করছেন। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবার তুলনামূলকভাবে আদালতে বিচারপ্রার্থীরা একটু বেশি এসেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ওসি ফারুক হোসেন বলেন, এদিন কাশিমপুর কারাগার থেকে ঢাকার আদালতে আসামিবাহী কোনো প্রিজন ভ্যান আসেনি। ঢাকার কেরানীগঞ্জ থেকেও কোনো হাজতী-আসামিকে আদালতে হাজির করেননি কারা কর্তৃপক্ষ। ঢাকার সিএমএম আদালতেও একই অবস্থা।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া