মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার সঠিক সংখ্যা যানে না বায়রা
জুন ০১ ২০২৪, ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার অস্থায়ীভাবে শনিবার বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও কোনো বাংলাদেশি অভিবাসী কর্মী এখন আর মালয়েশিয়া ঢুকতে পারবেন না। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও টিকিট না পাওয়ায় হাজার হাজার বাংলাদেশি অভিবাসী কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। তবে ঠিক কতজন যেতে পারেন নি তা জানে না বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
গণমাধ্যমে খবর এসেছে, টিকেট না পাওয়ায় মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়েছেন ৩০ হাজারের বেশি শ্রমিক। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় বায়রার মহাসচিব আলি হায়দার চৌধুরী মুঠোফোনে জানান, কতজন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গেছেন এবং কতজন সেখানে যেতে পারেননি তার কোনো তথ্য আমাদের কাছে নেই। কিছু লোক যেতে পারেনি, এতটুকু জানি। সাংবাদিকেরা যানে। কাল-পরশু বলা যাবে কতজন যেতে পারে নি।
কেন শ্রমিকরা যেতে পারে নি এ বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কথা বলা ঠিক হবে না। টিকেট নাই তাই যেতে পারে নি। টিকেট কেন নাই এগুলো জানতে হবে, অনেকগুলো বিষয় আছে। আগামী দু’একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রমিকদের প্রবেশের সময়সীমা পেরিয়ে যাওয়ায় অনিশ্চয়তার মধ্যে শুক্রবার সারাদিন ও রাতে মালয়েশিয়াগামী কয়েকশ প্রবাসী শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায়। স্থানীয় রিক্রুটিং এজেন্টরা সময়মত টিকিট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর তারা উড়োজাহাজের টিকিট ছাড়াই বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের দু’টি আন্তর্জাতিক টার্মিনালের সামনে ছিল প্রচণ্ড ভিড়। তাদের চোখে-মুখে ছিলো হতাশা ও ক্লান্তির ছাপ। অনেককে কান্নাকাটি করতে দেখা যায়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে বসে থাকা হাবিবুর রহমান বলেন, আমি কৃষি কাজ করি। সচ্ছলতার আশায় মালয়েশিয়া যাওয়ার উদ্যোগ নিই। সেজন্য ঋণ করে ও জমি বন্ধক রেখে টাকা জোগাড় করি।
দালালের কথামতো স্বজনদের কাছ থেকে বিদায়ও নিয়ে এসেছি। সন্ধ্যায় ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু টিকিট আর হাতে পাইনি। বিদেশে যেতে না পারলে কীভাবে সংসার চালাব, ঋণ পরিশোধ করব? শ্রমিকদের কেউ কেউ অভিযোগ করেছেন যে, রিক্রুটিং এজেন্টরা তাদের ফোন ধরছেন না।
নওগাঁর আত্রাই থেকে আসা মো. শেরেকুল বলেন, মালয়েশিয়া যাওয়ার ইচ্ছায় এসেছিলাম। এজেন্সি থেকে বলেছিল টিকিট পাব। সকাল থেকে এখানে বসে আছি। খাওয়া হয়নি। এজেন্সি থেকেও জানিয়েছে, টিকিট পাওয়া যায়নি। আমরা প্রতারণার শিকার। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, মালয়েশিয়া যেতে ব্যর্থ শ্রমিকরা চলে যাওয়ায় বিমানবন্দরের পরিস্থিতি এখন শান্ত।










































