রাজাকারদের তালিকা পেলেই প্রকাশ করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মার্চ ২৪ ২০২৪, ১৫:৪৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চার পর্বে ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করা হলেও রাজাকারদের তালিকা এখনও হাতে পাননি বলে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, রাজাকারদের তালিকা আমরা প্রকাশ করব। তবে কমিটি থেকে এখনও তালিকা পাইনি। তাই এখন প্রকাশ করতে পারছি না। তালিকা পেলেই প্রকাশ করব।
রবিবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কবে নাগাদ তালিকা প্রকাশ করা হবে, এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘আমরা তালিকা পেলেই প্রকাশ করব। তালিকা পেলে প্রকাশ করতে তো সমস্যা নেই। তবে যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তাই দেরি হচ্ছে। তবে আমার তো মনে হয় এখন এ তালিকার দরকার নাই। এতে অনেক অনিয়মের সুযোগ থাকে।
আর আপনারা যদি তালিকা দেখতেই চান তাহলে ’৭১ সালের তালিকা আছে, সেটা দেখেন।’ তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ’৭১ সালের তালিকা আছে। আপনারা তালিকা দেখতে চাইলে ’৭১ সালের তালিকা দেখেন। এখন তালিকা করলে যদি কেউ অনিয়ম করে তখন আপনারাই আবার প্রশ্ন করবেন। অভিযোগ করবেন। আবার এখানে অনেকেই জীবন বাঁচানোর জন্য, আবার কেউ সত্যিকার অর্থে পাকিস্তানের সপক্ষে রাজাকার হয়েছেন। সেটাকেও বিবেচনা করতে হবে।’










































