বালুবোঝাই ট্রাকে বলাকা এক্সপ্রেসের ধাক্কা, নিহত ৪
ডিসেম্বর ২৫ ২০২৩, ১৬:৪৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ের সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহ-নেত্রকোনা ও ময়মনসিংহ-কিশোরগঞ্জের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় ময়মনসিংহগামী শত শত যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ময়মনসিংহ সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।










































