বন্ধের পথে পিরোজপুরের টেকনিক্যাল

ডিসেম্বর ১৮ ২০২৩, ১৮:০৭

ডেস্ক প্রতিবেদক ‍॥ চরম শিক্ষক সংকটে রয়েছে দক্ষিনাঞ্চলে অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এক হাজার শিক্ষার্থীর বিপরীতে যেখানে শিক্ষক থাকার কথা ৪৮ জন, সেখানে শিক্ষক রয়েছে মাত্র ৯ জন। ২৫ জন কর্মচারীর বিপরীতে আছে মাত্র ৭ জন। ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

জানা গেছে, পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জেনারেল ইলেকট্রনিক্স বিভাগে ২ শিফটে ৮ জনের বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র একজন। আর ইলেকট্রিক্যাল ট্রেডের চিত্রও একই রকমের। মাত্র ১ জন শিক্ষক এ ট্রেডে থাকলেও তিনি আবার সংযুক্তিতে রয়েছেন অন্য কলেজে।

১৯৬৯ সালে স্কুল থেকে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু। ২০০৩ সালে এটি কলেজে উন্নীত হয়। সেই থেকে শিক্ষক সংকট চলছে। এ প্রতিষ্ঠানের ৩টি কারিকুলামের ১২টি ট্রেডের ৪৮ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৯ জন। শিক্ষার্থী ক্লাসে থাকলেও শিক্ষক পান না তারা। ফলে ব্যবহারিক ও তাত্ত্বিক ক্লাসগুলো প্রায়ই হচ্ছে না। অন্যদিকে বিভিন্ন স্তরে ২৫ জন স্ট্যাফ থাকার কথা থাকলেও আছে মাত্র ৭ জন। ফলে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি স্ট্যাফদের কাজও করতে হয়। সেক্ষেত্রেও শিক্ষার্থীরা পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হয়। ফলে প্রতিষ্ঠানে শিক্ষকদের আগ্রহ থাকলেও সর্বোচ্চটুকু দিতে পারছেন না তারা।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূজা মিস্ত্রি বলেন, ‘আমরা প্রতিনিয়তই কলেজে আসি। কিন্তু অধিকাংশ সময় ক্লাস না হওয়ায় আমরা বাড়ি ফিরে যাই। বিশেষ করে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় না বললেই চলে।’

দশম শ্রেণির শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ‘আমরা কষ্ট করে অনেক দূর থেকে বিদ্যালয়ে আসি কিন্তু শিক্ষকরা প্রায়ই ক্লাসে আসেন না। আমরা শুধু কলেজে আসি এবং যাই। শিক্ষক সংকটের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছি।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন বলেন, ‘এমনিতেই শিক্ষক সংকট, তার ওপর কর্মচারী স্বল্পতা। দুই মিলে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এক সমস্যার আখড়ায় পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানের ২৫ জন স্ট্যাফের বিপরীতে রয়েছে মাত্র ৭ জন। ফলে একদিকে স্বল্প জনবল অন্যদিকে শিক্ষক সংকটে প্রতিষ্ঠান চালাতে হিমশিম খেতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার অবহিত করেও আশ্বাসের বাণী ছাড়া পাইনি কোনো সমাধান।’

বর্তমানে পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১২টি ট্রেডে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও