গায়ের রং কালো হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে!
নভেম্বর ১৩ ২০২২, ১১:৫৩
নিজস্ব প্রতিবদেক, বরিশাল: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কবিরপুর গ্রামে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী সাইদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার আসামীকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।জানা যায়, সাড়ে ৪ বছর আগে পারিবারিকভাবে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের ছাইম উদ্দিনের ছেলের সাইদুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্তিগঞ্জ উপজেলার কাঠালিয়া গ্রামের সাবির আলীর মেয়ে রিপা আক্তার।
বিয়ের পর থেকে গায়ের রং কালো বলে স্বামীর হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে রিপা আক্তারকে। অনেকবার শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকা দিয়েও দাম্পত্যজীবন আর সুখের হয়ে উঠেনি।
অমানবিক নির্যাতনে বিয়ের ৬ মাসের মধ্যেই বাবার বাড়ি পাড়ি জমান ভুক্তভোগী ওই গৃহবধূ। পরে সুনামগঞ্জের পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন রিপা আক্তার।
স্বামীর সংসারের ফিরে যাওয়ার অপেক্ষা আর মামলার তারিখ গুনতে গুনতে তিন বছর পর গত বছরের ১১ নভেম্বর মামলার আদেশ হয়।আদেশে আসামীর বিরুদ্ধে দেনমোহর ও বিগত দিনের ভরণপোষণ বাবদ এক লাখ ৫৬ হাজার টাকা পরিশোধসহ তার সংসারে ফিরে না নেওয়া পর্যন্ত ৩ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া নির্দেশ দেয় আদালত।
পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করায় আসামী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে জগন্নাথপুর থানার উপসহকারি পরিদর্শক মহিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পলাতক আসামী সাইদুলকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
কবিরপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার আহমদ আলী বলেন, তাদের এ বিষয়টি আমরা স্থানীয়রা অনেকবার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
ভুক্তভোগী গৃহবধূ রিপা আক্তার বলেন, আমার কোনো দোষ নাই। দোষ হলো আমি কালো! ‘আমার স্বামী আমাকে বলছেন, ‘তোকে আমার আর চয়েস নাই। তোর সঙ্গে আমাকে মানায় না।’
ভুক্তভোগী আরও বলেন, ‘আমার বাবা নেই। বাড়িতেও অনেক অভাব। এরপরেও আমার মা অনেকবার আমার স্বামীকে নগদ টাকা দিয়েছেন।
এখনও জায়গাজমি বিক্রি করে গাড়ি কিনে দিতে বলেছেন। কিন্তু এখন সে আর আমায় নিয়ে সংসার করবে না। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আসামীকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আ/ মাহাদী








































