স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
নভেম্বর ১২ ২০২২, ১০:২৩
অনলাইন ডেস্ক : বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন। তানু ভুইয়া বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তার নামে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮ট মামলা রয়েছে।”
তিনি আরও বলেন, “বন্ধুকধারী ফরিদকে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।”
নিহত নুরে আলম তানু ভূঁইয়ার বোন লোপা বলেন, “রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটি গুলির শব্দ পাই। পরে দৌড়ে গিয়ে ভাইকে পড়ে থাকতে দেখি। হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “তানু ভূঁইয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। আন্দোলন সংগ্রামে রাজপথে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”








































