প্রেমের টানে কক্সবাজারে ইতালিয়ান তরুণী
নভেম্বর ১১ ২০২২, ২৩:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারের রুনেক্স বড়ুয়াকে (২৮) ভালোবেসে ইতালিয়ান তরুণী রুবেরটা (২৩) বাংলাদেশে এসেছেন।
গত বুধবার রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়া পাড়ায় আসেন তিনি। প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে রুনেক্স বড়ুয়া। রুনেক্স ইতালিতে থাকেন। রুবেরটা ইতালির সার্দেনিয়া শহরে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ইতালিতে যান রুনেক্স বড়ুয়া। সেখানে কাজের সূত্রে পরিচয় হয় রুবেরটার সঙ্গে। এক বছরের বেশি সময় প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এ মাসেই পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করবে পরিবার।
এদিকে ভাষাগত কিছু সমস্যার কারণে কিছুটা সমস্যা হলেও মানিয়ে নিচ্ছেন রুবেরটা। পরেছেন বাঙালি পোশাকও। হবু বরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায়।
ইতালি প্রবাসী রুনেক্স বড়ুয়া জানান, ইতালিতে তিনি একটি হোটেলের রিসিপশন সেক্টরে কাজ করেন। সেখানে পরিচয় হয় রুবেরটার সঙ্গে। পরিচয় থেকে প্রণয়। শেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
ইতালিয়ান তরুণী রুবেরটা বলেন, ‘আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সবাই মানুষ। তাই মানুষ হিসেবে দেশভেদ বা জাতিভেদ থাকা উচিত নয়। সে মানসিকতা থেকেই রুনেক্সকে আমার ভালো লেগে যায়। আমরা বিয়ে করে সারাজীবন একসঙ্গে কাটাতে চাই।’
রুনেক্স বড়ুয়ার মা সুমি বড়ুয়া বলেন, ‘খুব শিগগিরই মহা ধুমধামে তাদের বিয়ের আয়োজন করব।’ রামুর রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘আমাদের গ্রামে ইতালির তরুণীর আসার খবরে পুরো এলাকায় খুশির আমেজ চলছে। তাদের দাম্পত্য জীবন সুখের হোক।’
আ/ মাহাদী








































