মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

জুলাই ২০ ২০২৩, ১৩:০৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু আন্তর্জাতিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এ সময় ঘটনাস্থলেই ৫ জন মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে মারা যান আরও একজন।বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সড়কের খাগাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশে খাদে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ও গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে কাজি আমির উদ্দিন নামক একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামে। তিনি কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস সকাল সাড়ে ৮টার দিকে খাগাইলের সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডানপাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ ৫ যাত্রী নিহত হন।

গুরুতর আহত একজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনিও মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এখনো একজন ছাড়া বাকি হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া