৪০ বছর ধরে ছাতা মেরামত করেন বৃদ্ধ কয়ছর

জুন ২৬ ২০২৩, ১৯:০৯

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ৭০ বছরের বৃদ্ধ কয়ছর আহম্মদ বিশ্বাস। বিগত চল্লিশ বছর ধরে মানুষের ছাতা মেরামত করছেন তিনি। এ দিয়েই সংসার চালাচ্ছেন বৃদ্ধ কয়ছর আহম্মদ বিশ্বাস।

প্রতিদিন সকালে থেকে রাত পর্যন্ত লালমোহন পৌরসভার মুক্তিযোদ্ধা অ্যাভিনিউর ফুটপাতে বসে ছাতা মেরামতের কাজ করেন তিনি। এতে করে প্রতিদিন তার গড়ে উপার্জন হয় দুইশত টাকা।

বৃদ্ধ কয়ছর আহম্মদ ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকার বিশ্বাস বাড়ির বাসিন্দা। ওই বৃদ্ধ বলেন, বিগত ৪০ বছর ধরে লালমোহন বাজারে এসে মানুষের ভাঙা ছাতা মেরামত ও ছাতার কাপড় সেলাই করি। ভাঙা ছাতা মেরামত বা কাপড় সেলাই করে দিলে প্রতিটি থেকে পাই ৩০ থেকে ৪০ টাকা।

এতে করে দৈনিক গড়ে উপার্জন হয় দুইশত টাকা। এখন বৃষ্টির সময় হওয়ায় কাজও একটু বেড়েছে। বৃদ্ধ কয়ছর আহম্মদ আরো বলেন, বর্তমানে সংসারে স্ত্রীসহ চার ছেলে সন্তান আছে। এক মেয়ে থাকলেও তাকে বিয়ে দিয়েছি। ছেলেরা বিয়ে করেছে। তারা ছোট-খাটো কাজ করলেও সেখানের উপার্জন দিয়ে তাদেরই সংসার চালাতে কষ্ট হয়। তবুও তারা আমাকে সহযোগিতা করে।

তবে ছেলেদের ওপর থেকে চাপ কমাতে এই বয়সেও ছাতা মেরামতের কাজ করছি। বৃদ্ধ বয়সে কাজ করছি, তবে পাচ্ছি না কোনো সহযোগিতা। আমি সরকারি সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে লালমোহনের বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকার জানান, বিষয়টি আমার আগে জানা ছিল না। শিগগিরই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া