গাছের সঙ্গে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

মে ২০ ২০২৩, ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরের দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। রাতে ঝড়-বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়ে।

গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়ার রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, শ্রীমঙ্গল স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স পেয়ে সিলেটের উদ্দেশে স্টেশন থেকে ট্রেন ছেড়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এ ঘটনা ঘটে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া