১২৫ টাকায় ৯০টি ইলিশ!

এপ্রিল ২৭ ২০২৩, ২১:২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ১২৫ টাকায় ৯০টি ইলিশ। ভাবছেন শায়েস্তা খানের আমল। না, তা নয়। ১২৫ টাকায় আধা কেজি ইলিশের পোনা কিনলেন এক ব্যক্তি।গুনে দেখা গেল ওই আধা কেজিতে ৯০টি ছোট ইলিশ মাছ পেয়েছেন তিনি। এই মাছগুলো তুলনামূলক বড়।

তাই কেজিতে বিক্রি করছেন। ওই বিক্রেতার কাছে এর চেয়েও ছোট ইলিশের পোনা রয়েছে। সেগুলো প্রতি ভাগ ২০ থেকে ৩০ টাকা বিক্রি করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারের এ দৃশ্য দেখা গেছে। এভাবেই প্রতিদিন উপজেলার বিভিন্ন হাটবাজারে ইলিশের পোনা বিক্রি হচ্ছে।

ইন্দুরকানীর উপজেলার কচা ও বলেশ্বর নদের বিভিন্ন স্থানে দেড় শতাধিক বাদা জালে (বেহুন্দি জাল) ইলিশের পোনা ধরা হচ্ছে। আর উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতিদিন এসব পোনা ইলিশ প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এক শ্রেণির অসাধু জেলেরা মাসের পর মাস এভাবে ছোট ইলিশ, পোমা ও তাপসী মাছের পোনা ধরছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কচা নদীর লাহুরী, টেংরাখালী, কালাইয়া, চণ্ডিপুর, খোলপটুয়া, বলেশ্বর নদের উত্তর কলারণ সংলগ্ন নদীতে সারি সারি বাদা জাল পেতে জেলেরা মাছ ধরছেন।

সবচেয়ে বেশি পোনা ইলিশ ধরা হচ্ছে চণ্ডিপুর ইউনিয়নের বাঁশগাড়ি ও সন্যাসী ফেরিঘাটের উত্তরে ছৈলার চর সংলগ্ন নদীতে। মূলত চিংড়ি মাছ ধরার জন্য এ সব জাল পাতা হলেও প্রতিটি জালে লাখ লাখ পোমা, তাপসী ও ইলিশের পোনা ধরা পড়ে।

জেলেরা প্রতি ঝুড়ি মাছ (সংখ্যায় কয়েক লাখ) পাইকারদের কাছে ৮০০-১০০০ টাকায় বিক্রি বরে। পাইকাররা ঝুড়ি ভর্তি মাছ বিভিন্ন হাট-বাজারে নিয়ে প্রতি ভাগ ২০-৩০ টাকা দরে বিক্রি করে।

প্রতি ভাগে ২০০-৩০০ ইলিশের পোনাসহ অন্যান্য মাছের পোনা থাকে। এমনকি উপজেলা সদরের ইন্দুরকানী বাজারেও এ মাছ বিক্রি হয়। বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা, বালিপাড়া, চণ্ডিপুর ও বলেশ্বর বাজারে ইলিশের পোনা বিক্রি করতে দেখা গেছে।

উপজেলা মৎস্য দপ্তর থেকে মাঝে মাঝে স্থানীয় নদ-নদীতে অভিযান চালানো হলেও জেলেরা আগেই অভিযানের খবর পেয়ে যায়। ফলে অনেক অভিযান সফল হয় না।

ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী বলেন, ‘আমি গতকালও অভিযান পরিচালনা করেছি। দুটি বাধা জাল ধরতে পেরেছি। সন্যাসী সংলগ্ন নদীতে আরও প্রায় ৪০টি জাল পাতা ছিল।

জেলেরা আমাদের দেখে পালিয়েছে।’ এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম বলেন ‘আমি বিষয়টি দেখতাছি। আগামী দিন ফিশারিজ অফিসারকে পাঠাব।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও